গ্যালাক্সির সংঘর্ষে নতুন মোড়

গ্যালাক্সির সংঘর্ষে নতুন মোড়
গ্যালাক্সির সংঘর্ষে নতুন মোড়

তেল শেষ হলে প্রদীপ যেভাবে নিভে যায়, ভবিষ্যতে সকল জ্বালানি হারিয়ে আমাদের সূর্যও একদিন নিভে যাবে। সূর্য পরিণত হবে ছোট, গরম এক ঘন বস্তু শ্বেত বামন নক্ষত্রে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ঘটনা ঘটতে আরো প্রায় পাঁচশ কোটি বছর প্রয়োজন হবে। তার আগেই পৃথিবী হয়তো সৌরজগত থেকে বিলুপ্ত হয়ে যাবে। তবে ততদিনে মহাকাশে আরো একটি বড় ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। আর তা হলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি ও এন্ড্রোমিডা গ্যালাক্সি’র সংঘর্ষ। এই সংঘর্ষে দুটি গ্যালাক্সি মিলিত হয়ে নতুন গ্যালাক্সির সৃষ্টি করবে। অনেকেই হয়তো শুনেছেন প্রতিটা গ্যালাক্সি একে অপরের থেকে দূরে যাচ্ছে মহাবিশ্বের প্রসারণের ফলে। যে গ্যালাক্সি যতদূরে তার দূরে সরে যাওয়ার হার ততবেশি। একসময় প্রতিটা গ্যালাক্সি হয়তো এতদূরে চলে যাবে, আমরা আমাদের শক্তিশালী যন্ত্রের সাহায্যেও আর কোনো গ্যালাক্সি খুঁজেই পাবনা মিল্কিওয়ে ছাড়া। অসীম অন্ধকার মহাবিশ্ব।

দুইটি গ্যালাক্সির মিলন

তবে এই দূরে দূরে যাওয়ার ঘটনা সব অঞ্চলের জন্য একই রকম নয়। আমাদের “লোকাল গ্রুপ” এর কথাই ধরুন, মিল্কিওয়ে সহ মোট ৫৪ টিরও বেশি গ্যালাক্সির একটা পরিবার যা মহাকর্ষীয়ভাবে আবদ্ধ। এই গ্রুপটি প্রায় ১ কোটি আলোকবর্ষ ব্যাস নিয়ে বিস্তৃত এবং বৃহত্তর ভার্গো সুপারক্লাস্টারের অংশ। এই গ্রুপের গ্যালাক্সিগুলোর মধ্যে যে মহাকর্ষীয় টান তা মহাবশ্বের প্রসারণকেও হার মানিয়েছে। এজন্যই মিল্কিওয়ে-অ্যান্ড্রোমিডা যুগল একে অপরের থেকে দূরে সরে না গিয়ে বরং এমনভাবে একে অপরের দিকে আসছে যেনো এক বিশাল সংঘর্ষে তারা দুই মিলে এক হয়ে যাবে ভবিষ্যতে। এতদিন এই সংঘর্ষের সম্ভাব্য সময় ধরা হয়েছিল আগামী পাঁচশ কোটি বছর। তবে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায়, বিজ্ঞানীরা নতুন সিমুলেশন ব্যবহার করে দেখিয়েছেন যে এই দুইটি গ্যালাক্সির মধ্যে প্রত্যাশিত সংঘর্ষ হয়তো আগামী পাঁচশ কোটি বছরের মধ্যে ঘটবে না।

হেলসিঙ্কি, ডারহাম এবং টুলুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নাসা’র হাবল এবং ইউরোপীয় স্পেস এজেন্সির গায়া টেলিস্কোপের তথ্য ব্যবহার করে ১০০,০০০টি সিমুলেশন চালিয়েছেন। সেখানে দেখা যায়, গ্যালাক্সি দুইটি সেকেন্ডে প্রায় ১০০ কিলোমিটার গতিতে একে অপরের দিকে ধেয়ে আসছে। বর্তমানের এই সিমুলেশনগুলোতে তারা মিল্কিওয়ে, অ্যান্ড্রোমিডা’র পাশাপাশি অন্যান্য ছোট গ্যালাক্সির প্রভাব বিবেচনা করা হয়েছে। গবেষণার ফলাফল অনুযায়ী, আগামী পাঁচ বিলিয়ন বছরের মধ্যে এই দুই গ্যালাক্সির সংঘর্ষের সম্ভাবনা মাত্র ২%। সিমুলেশনগুলো দেখায় যে, অধিকাংশ ক্ষেত্রে মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা একে অপরের খুব কাছাকাছি আসবে, কিন্তু সংঘর্ষ না ঘটিয়ে দূরে সরে যাবে। কিছু ক্ষেত্রে, তারা একাধিকবার কাছাকাছি আসবে এবং অবশেষে আটশ থেকে এক হাজার কোটি বছরের মধ্যে একত্রিত হতে পারে। তবে, এই সময়ে সূর্য ইতিমধ্যেই তার জ্বালানি শেষ করে ফেলবে। গবেষণার প্রধান লেখক ড. টিল সাওয়ালা বলেন, “আমরা পূর্ববর্তী গবেষণার মতোই ফলাফল পেয়েছি যখন একই অনুমান থেকে শুরু করেছি। কিন্তু নতুন তথ্যের সাহায্যে আমরা আরও অনেক সম্ভাবনা পরীক্ষা করতে পেরেছি।” সম্প্রতি ন্যাচার এস্ট্রোনমি জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *